ইউনেস্কো প্রতিনিধির সঙ্গে রাঙামাটি চেয়ারম্যানের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা, টেকসই উন্নয়ন এবং যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় ভবিষ্যতে ইউনেস্কো ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও গঠনমূলক আলোচনা করা হয়। পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।
মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ, চন্দ্রা চাকমা ও তিমথী খিয়াং, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক এবং কনসালটেন্ট অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
