ঢাকা, মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মসজিদ ধ্বংসের ঘটনায় মন্তব্য: সাংবাদিক হুদা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ এবং সাহারানপুরের জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাবেক সাংবাদিক ও সামাজিক কর্মী হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে সাহারানপুর পুলিশ। জেলা কালেক্টরেট চত্বরের একটি মসজিদ উচ্ছেদের ঘটনায় তাদের সংশ্লিষ্টতাকেকেন্দ্র করে তিনি মন্তব্য করেন।

আইনজীবী দুশয়ন্ত সিংয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে সদর বাজার থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে শান্তি ভঙ্গের আশঙ্কায় জারিওয়ালাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব আপত্তিকর মন্তব্য দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাহারানপুর সার্কিট হাউসে যান হুদা জারিওয়ালা। সেখানে সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দলের সাথে যাওয়ার বিষয় নিয়ে পুলিশ কর্মীদের সাথে তার তর্কাতর্কি হয়।

উপস্থিত নারী পুলিশ সদস্যরা তাকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে হাতাহাতি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে কালেক্টরেট মসজিদ ভাঙা নিয়ে কথা বলার সময় তিনি যোগী আদিত্যনাথ ও জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে আইনজীবী দুশয়ন্ত সিং থানায় অভিযোগ দায়ের করে জানান, হুদার এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে।

ভিডিওটি নজরে আসার পর পুলিশ জারিওয়ালাকে আটক করে এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। জনশান্তি ভঙ্গের প্রতিরোধমূলক ধারায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাহারানপুরের এসএসপি অভিনন্দন সিং জানান, দুশয়ন্ত সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করেছে এবং ভাইরাল ভিডিওটির পাশাপাশি অভিযুক্তের বক্তব্য খতিয়ে দেখছে।

"সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও এবং কথিত মন্তব্যগুলো তদন্ত করা হচ্ছে," জানান এসএসপি সিং। তিনি আরও যোগ করেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালেক্টরেট কমপ্লেক্সের ভেতরের মসজিদটি ভাঙার পর থেকেই সাহারানপুরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এর মধ্যেই হুদা জারিওয়ালার গ্রেপ্তারের ঘটনা ঘটল।

গুজব ছড়ানো বা উত্তেজনা সৃষ্টি করতে পারে—এমন কোনো পোস্ট, ভিডিও বা বার্তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুলিশের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।

এসপি সিটি ব্যোম বিন্দল জানান, পুলিশের বিশেষ দল অনলাইনের কার্যক্রম মনিটরিং করছে এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

উল্লেখ্য, মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে উস্কানিমূলক পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে আটক করেছে।