ঢাকা, শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

বাংলা শিশুসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক আমীরুল ইসলাম

বাংলা শিশুসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক আমীরুল ইসলাম

বাংলা শিশুসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক আমীরুল ইসলাম আর নেই। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৭মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

আজ রাতে প্রকাশক নাফে নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আমীরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছিলেন, তিনি তখনো লাইফ সাপোর্টে ছিলেন।

আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি শিশু-কিশোরদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল রচনা লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। প্রকাশিত বইগুলোর সবই শিশুসাহিত্যভিত্তিক।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আমীরুল ইসলাম। এ ছাড়া দীর্ঘ সাহিত্যজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারও তিনি পাঁচবার পেয়েছেন।

শিশুসাহিত্যের পাশাপাশি গণমাধ্যমেও দীর্ঘদিন কাজ করেছেন আমীরুল ইসলাম। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাহিত্যচর্চার সঙ্গে গণমাধ্যমের পেশাগত দায়িত্বও সমান নিষ্ঠায় পালন করেছেন তিনি।

শিশুদের জন্য তাঁর লেখা গল্প-ছড়া ও অন্যান্য সৃজনশীল রচনা তাঁকে দেশের শিশুসাহিত্য অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করে দেয়। তাঁর প্রয়াণে বাংলা শিশুসাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।