ঢাকা, শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফ্রি এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাসের এ প্রশিক্ষণে কোনো ফি লাগবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবনারী এতে আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

প্রশিক্ষণে আইসিটির মৌলিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণটি ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ছয় ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে ফরমের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিতদের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদও দেওয়া হবে।