ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

কিম ইয়ো-জং।

কিম ইয়ো-জং।

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে—এমন আশা করা ‘মূর্খতা’ বলে মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অবস্থান ‘পরম’ এবং তা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের আহ্বানের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এ কথা বলেন কিম ইয়ো-জং। তাঁর বক্তব্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশ করে।

কিম ইয়ো-জং বলেন, উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক অবস্থান পরিবর্তনের জন্য যারা আহ্বান জানাচ্ছেন, তারা একটি ‘মূর্খ স্বপ্ন’ দেখছেন। তাঁর ভাষায়, যদি তারা সত্যিই মনে করেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান পরিবর্তন করা সম্ভব, তাহলে তারা ‘বিশ্ব সম্পর্কে কিছুই না জানা মূর্খ’ হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, আইএইএ ও পশ্চিমা দেশগুলো নিয়মিত বৈঠক করে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বললেও এসব আলোচনা দেশটির অবস্থান বা পারমাণবিক সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের অবস্থান শারীরিক ও আইনগতভাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএর সাধারণ সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে দেশটিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। দেশটির নেতৃত্ব পারমাণবিক অস্ত্রকে নিজেদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরে আসছে।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার হিসাবে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে। 

তথ্যসূত্র: এএফপি, রয়টার্স