হজ নিবন্ধনে কোটা পূরণ না হওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
ফাইল ছবি।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন শেষ হতে আর মাত্র পাঁচ কর্মদিবস বাকি। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এরপর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
সৌদি আরব বাংলাদেশের জন্য এবার ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন।
ধর্ম মন্ত্রণালয় জানায়, ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তা না হলে হজে যাওয়ার সুযোগ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
হজ এজেন্সিগুলো বলছে, অনেক হজযাত্রী এত আগে বড় অঙ্কের টাকা জমা দিতে অনীহা প্রকাশ করছেন। ফলে চূড়ান্ত নিবন্ধনে প্রত্যাশিত গতি আসছে না।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা জরুরি সার্কুলারে ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর চূড়ান্ত তালিকার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হজযাত্রীদের কোনো গ্রুপ লিডারের কাছে টাকা না দিয়ে সরাসরি অনুমোদিত হজ এজেন্সির ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
