ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ২:২৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে, মিছিল হবে, মিটিং হবে—এটাই স্বাভাবিক রাজনীতি। গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন মত ও পথের মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা উচিত। রাজনীতিতে যেকোনো কথার জবাব মানুষ দেয়।’

কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ আয়োজন। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।