ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ দিন ধরে লাপাত্তা একই পরিবারের দুই গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারায় একই বাড়ি থেকে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি দুই গৃহবধূর। গত ৮ সেপ্টেম্বর সকালে তারা নিখোঁজ হন। এ ঘটনায় উদ্বেগের মধ্যে থাকা পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ওই দুই গৃহবধূ হলেন- বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। পারিবারিক সম্পর্কে তারা পরস্পর জা।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ওই দুই গৃহবধূ একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘসময় পার হলেও তারা আর ঘরে ফিরে আসেননি। তাদের ব্যবহৃত মুঠোফোনগুলো বন্ধ পাওয়ায় কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিশ পায়নি পরিবার। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বাগমারা থানায় জিডি করেন স্বজনরা।


এদিকে নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়েরিভুক্ত হওয়ার পর থেকেই নিখোঁজ দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে।