এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান রোববার রাতে ন্যাম ভবন থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
ঘটনাস্থলে ডিসি ইবনে মিজান বলেন, আমরা আজ সন্ধ্যা ৭টার পর ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত লাশের খবর পাই। খবর পাওয়ার পরই শেরে বাংলা নগর থানা, ডিবি ও সিআইডির টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই, ফ্ল্যাটের ২০৩ নম্বর কক্ষ সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনগত কাজ করেছি।
তিনি আরও বলেন, নিহত নারী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আমরা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছি।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই।
ঘটনার সময় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী বাসায় ছিলেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি ইবনে মিজান বলেন, এটিও তদন্তের বিষয়, আমরা তদন্ত করে দেখব।
এর আগে সন্ধ্যার দিকে শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
