তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিতাস নদীর বুকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত সময়ের আগেই তিতাসের পাড়ে ভিড় জমান।
রোববার (২০ সেপ্টেম্বর) মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দেওড়া, মলাইশ ও গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ নৌকাবাইচ ঘিরে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে।
এবার নৌকাবাইচে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬টি দল অংশ নেন। প্রতিযোগী নৌকাগুলোর পাল্লা দিয়ে ছুটে চলার দৃশ্য দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। ঢাক-ঢোলের শব্দ ও উৎসবের আমেজে যেন প্রাণ ফিরে পায় তিতাস নদী। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্ষমতাপুর গ্রামের দল, দ্বিতীয় বুড্ডা গ্রামের দল ও তৃতীয় হয় ইকতার গ্রামের দল।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশানক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল করিম রিপন।
