আলিমার পর ইমরানের আরও দুই বোন গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটকের এক দিনের মাথায় তার আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকেও গ্রেফতারের দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আগে ইমরানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী ইজাজ আলিমা খান ও মুহাম্মদ আমিরকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় ৩০ দিনের জন্য আটক বা গ্রেফতারের আদেশ দেন। পরে পুলিশ নিশ্চিত করে, আলিমাকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
ডেপুটি কমিশনারের আদেশে বলা হয়, আলিমা খান ও মুহাম্মদ আমিরের উপস্থিতি জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর হতে পারে। পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে এতে অভিযোগ করা হয়, ২০২৩ সালের ৯ মে’র বিক্ষোভ ও সড়ক অবরোধে তারা জড়িত ছিলেন এবং কর্মীদের সরকারি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে আবারও কর্মীদের সংগঠিত করার আশঙ্কার কথাও আদেশে উল্লেখ করা হয়।
এর পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, উজমা খান ও নোরিন নিয়াজিকেও তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে একটি সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পিটিআইয়ের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরীও তিন বোনের আটকের কথা জানিয়েছেন। তবে উজমা ও নোরিনের ক্ষেত্রে ৩০ দিনের আটকাদেশের কোনো নথি পাওয়ার কথা তিনি নিশ্চিত করেননি।
ইমরানের ছেলে কাসিম খানও উজমা ও নোরিনকে অপহরণের অভিযোগ করেছেন। পিটিআই এক বিবৃতিতে তাদের আটকের নিন্দা জানিয়ে একে মৌলিক অধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন হিসেবে বর্ণনা করেছে। এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে আলিমা খানকে আটকের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান এর নিন্দা জানিয়ে দলটির ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে দাবি করেন। বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানও আলিমার আটকের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে।
এদিকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিহাওয়ালে ৪৭ জন পিটিআই কর্মী ও নেতাকে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্যের দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে পিটিআই। কর্মসূচিকে কেন্দ্র করে সরকারও রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে এবং বিক্ষোভকারীদের সড়ক অবরোধ ও জনচলাচল ব্যাহত করতে না দেওয়ার কথা জানিয়েছে।
আলিমা খানকে ৩০ দিনের জন্য আটকের পর উজমা ও নোরিনকে গ্রেফতারের দাবি ঘিরে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স
