ঢাকা, বৃহস্পতিবার ২৪, সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদুরো গ্রেফতারের পর প্রথমবার ট্রাম্প-রদ্রিগেজ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেফতারের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম সরাসরি বৈঠক।

মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে অনানুষ্ঠানিক এই বৈঠক হয়। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং নীতিবিষয়ক উপপ্রধান স্টিফেন মিলার।

রদ্রিগেজের যুক্তরাষ্ট্র সফর তার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে প্রথম সফর। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন ভেনেজুয়েলার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি, খনিজ ও ঋণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর কর্মকর্তারাও প্রতিনিধিদলে রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধিদলের আলোচনার অন্যতম লক্ষ্য ভেনেজুয়েলাকে বিনিয়োগের উপযোগী দেশ হিসেবে তুলে ধরা। দেশটির জন্য ২.৫ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদনের বিষয়েও আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের মধ্যে আলোচনা চলছে।

এদিকে রদ্রিগেজের নিউইয়র্ক সফরের প্রতিবাদে জাতিসংঘের বাইরে ভেনেজুয়েলার অর্ধশতাধিক মানুষ বিক্ষোভ করেন। তাঁরা অবাধ নির্বাচনের দাবি জানান এবং রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আপত্তি তোলেন।

ট্রাম্প জাতিসংঘে দেওয়া বক্তব্যে মাদুরোকে ‘অপরাধী স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করেন এবং তাঁকে গ্রেপ্তারের অভিযানকে পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সূত্র : রয়টার্স