২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এক হাজার ৮৬৪ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৩৬৭ জন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৫৭ জন।
চলতি সেপ্টেম্বর মাসেই এ বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৩ দিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
