ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ও কাল হজের টাকা জমা নিতে ব্যাংক খোলা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার ব্যাংক খোলা রয়েছে। আগামীকাল শনিবারও ব্যাংক খোলা থাকবে। ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ দিতে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত ২৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৭ সালের হজের প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শুক্রবার ও শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী অর্থ জমা দিতে ব্যাংকে উপস্থিত থাকলে তার কাছ থেকে টাকা গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার দেশের ব্যাংকগুলোর নিয়মিত সাপ্তাহিক ছুটি। তবে বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কার্যক্রমের জন্য শাখা খোলা রাখার নির্দেশ দিতে পারে। ২৫ ও ২৬ সেপ্টেম্বরের ক্ষেত্রেও শুধু হজ-সংক্রান্ত অর্থ গ্রহণের সুবিধার জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ২০২৭ সালের হজ নিবন্ধনের নির্ধারিত সময় ২৪ সেপ্টেম্বর শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরবের দেওয়া বাংলাদেশের ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা পূরণ হয়েছে বলে জানা গেছে। নিবন্ধনের অর্থ জমা দেওয়ার অপেক্ষায় রয়েছেন আরও কয়েক হাজার হজযাত্রী।

ফলে শেষ মুহূর্তে হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ করে দিতেই সাপ্তাহিক ছুটির দুই দিন ব্যাংক খোলা রাখার এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে সব ব্যাংকের সব শাখা সাধারণ ব্যাংকিং কার্যক্রমের জন্য খোলা নয়—বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী হজের অর্থ গ্রহণকারী সংশ্লিষ্ট শাখাগুলোই এ সময়ে সেবা দেবে। তাই হজযাত্রীদের নিজ নিজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।