ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: ডা. জুবাইদা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জুবাইদা

রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও ধারাবাহিক সেবাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। এ ব্যবস্থার কেন্দ্রে থাকবে শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও পেশাদার ধাত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রতিশ্রুতি থেকে পদক্ষেপ : প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যাকে একীভূতকরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘সুস্থ বাংলাদেশের স্বপ্ন হলো চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থা থেকে এমন একটি স্বাস্থ্যব্যবস্থায় যাওয়া, যেখানে রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’

ডা. জুবাইদা রহমান জানান, গ্রাম থেকে শহরের ওয়ার্ড পর্যন্ত সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার দিকে এগোচ্ছে বাংলাদেশ। এর সঙ্গে থাকবে শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কার্যকর রেফারেল ব্যবস্থা। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী ও শিশুর স্বাস্থ্যসেবায়।


তিনি বলেন, ইতোমধ্যে ২৫ হাজার পেশাদার ধাত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে লক্ষ্য শুধু ধাত্রীর সংখ্যা বাড়ানো নয়; তাদের বহুমুখী দক্ষতাসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের সঙ্গে যুক্ত করা। এতে গর্ভধারণের আগের সময় থেকে গর্ভাবস্থা, সন্তান প্রসব, প্রসব-পরবর্তী সময় ও নবজাতকের যত্ন পর্যন্ত ধারাবাহিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডা. জুবাইদা বলেন, প্রস্তাবিত স্বাস্থ্যসেবা মডেলে মাতৃস্বাস্থ্যের পুরো সময়ে ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পরিবার ও কমিউনিটিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রয়োজন হলে বিশেষায়িত চিকিৎসার জন্য কার্যকর রেফারেল ব্যবস্থাও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ধাত্রী-নেতৃত্বাধীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নারীদের প্রয়োজনীয় চিকিৎসা আরও কাছে পৌঁছে দিতে পারে। একই সঙ্গে অপ্রয়োজনীয় স্বাস্থ্যব্যয় কমিয়ে মানুষের আর্থিক সুরক্ষা বাড়ানো এবং সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রত্যেক নারীর বাসস্থানের কাছাকাছি তার প্রাথমিক স্বাস্থ্যসেবা দলের অংশ হিসেবে একজন দক্ষ পেশাদার ধাত্রীর সেবা পাওয়ার সুযোগ থাকা উচিত।’

তিনি আরও বলেন, পেশাদার ধাত্রীরা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের কার্যকরভাবে, সমতার ভিত্তিতে ও টেকসইভাবে কাজ করার সুযোগ তৈরি করে এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সিয়েরা লিওন, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ ও বৈশ্বিক স্বাস্থ্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

সুইডেন সরকার ও ইউএনএফপিএর অংশীদারিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।