ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকানোর আহ্বান

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের পার্শ্ব বৈঠক হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারী ও কন্যাশিশুর সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগ:
বৈঠকে শামা ওবায়েদ বলেন, নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করেছে। এর আওতায় দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মানসিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

তিনি নারীদের নিরাপদ গণপরিবহণ নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ উদ্যোগের কথাও তুলে ধরেন।

সংঘাতপ্রবণ এলাকায় নারীদের সুরক্ষা:
সংঘাতপ্রবণ পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকার বিষয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন।

পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

ডিজিটাল হয়রানি প্রতিরোধে ‘ঢাকা ডায়ালগ’:
শামা ওবায়েদ ডিজিটাল হয়রানি প্রতিরোধে বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি বৈঠকে তুলে ধরেন। এই উদ্যোগের আওতায় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ক্রোয়েশিয়া ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) আয়োজিত বৈঠকে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে উদীয়মান ডিজিটাল হুমকি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের মতো বিষয় ছিল।