ঢাকা, শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ ৫:৫১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ, নারীসহ গ্রেপ্তার অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় অস্কারজয়ী অভিনেত্রী ও রাজনীতিবিদসহ অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন যুদ্ধবিরোধী স্লোগান দেন। পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অভিনেত্রী ও রাজনীতিক:
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী হান্না আইনবাইন্ডার, ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও রয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান বলেন, গাজায় যা করা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলা তাদের দায়িত্ব। তার ভাষ্য অনুযায়ী, গাজার পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাতে জাতিসংঘের মঞ্চ ব্যবহারের বিরোধিতা করছেন তারা।

প্রায় ২০০ মানুষের বিক্ষোভ:
ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করা ইহুদি অধিকারকর্মী সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ এই বিক্ষোভের আয়োজন করে। আয়োজকদের কর্মসূচিতে প্রায় ২০০ মানুষ অংশ নেন। তাদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট।

এসব টি-শার্টে ‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দিন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিনকে মুক্ত করুন’—এ ধরনের বার্তা লেখা ছিল।

সড়ক অবরোধের পর পুলিশের অভিযান:
একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ মাইক ব্যবহার করে তাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। কয়েকজন ফুটপাতে চলে গেলেও মূল দলের বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকেন।

পরে সাইকেলে করে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ঘিরে ফেলেন। একপর্যায়ে পুলিশ একজন একজন করে তাদের দল থেকে বের করে আনে। এরপর হাত পেছনে নিয়ে জিপ টাই দিয়ে বেঁধে তাদের পুলিশ বাসে তুলে নেওয়া হয়।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু অঞ্চলজুড়ে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করেন। তার ভাষণের সময় সাধারণ পরিষদের হল থেকে বহু প্রতিনিধি বেরিয়ে যান।