ঢাকা, সোমবার ২৮, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে একজন নিহত হয়েছেন। ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি, ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় এক লাখ গ্রাহকের। একই সঙ্গে উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ।


নিউইয়র্কের ব্রুকলিনে গাছ পড়ে নিউইয়র্ক সিটি আবাসন কর্তৃপক্ষের এক কর্মী নিহত হয়েছেন। একই এলাকায় গাছ পড়ে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে নগরীর অগ্নিনির্বাপণ বিভাগ।


শনিবার (২৬ সেপ্টেম্বর) ধীরগতিতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের দিকে এগিয়ে যায় শক্তিশালী ঝড়টি। এর প্রভাবে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বাড়তে থাকে। নিউ জার্সির সার্ফ সিটি এলাকায় রাস্তাঘাটে পানি উঠে কয়েকটি বাড়িতেও পানি ঢুকে পড়ে।


নিউ জার্সির বিভিন্ন উপকূলীয় ও উপসাগরীয় এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত সবচেয়ে বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়। কিছু এলাকায় রাস্তায় কয়েক ফুট পর্যন্ত পানি উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

নিউ জার্সির সি ব্রাইট এলাকার মেয়র ব্রায়ান কেলি জানিয়েছেন, সেখানে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বাতাস এবং কিছু রাস্তায় প্রায় ৬ ফুট পর্যন্ত পানি উঠতে পারে। নিচু এলাকার শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে।


ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিউইয়র্ক নগরীতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে গাছ ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার ৯০০টির বেশি খবর পাওয়া গেছে।


নিউইয়র্কের পার্ক ও বিনোদন বিভাগের কর্মীরা ঝুঁকিপূর্ণ গাছ ও ডাল সরাতে দীর্ঘ সময় কাজ করছেন। নিউ ইংল্যান্ডের বিভিন্ন এলাকাতেও ঝোড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


ম্যাসাচুসেটসের বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ৬৯ থেকে ৮৯ কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা রেকর্ড করা হয়েছে। নিউ জার্সি ও ডেলাওয়ারের আটলান্টিক উপকূলে বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ২০ ফুট পর্যন্ত হতে পারে।


ঝড়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাতেও প্রভাব পড়েছে। বোস্টন বিমানবন্দরে শত শত উড়োজাহাজের ফ্লাইট বাতিল হয়েছে। ম্যাসাচুসেটসের মার্থাস ভিনইয়ার্ড ও নানটাকেটের অধিকাংশ ফ্লাইটও বাতিল করা হয়েছে।


বেসবলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ঝড় এড়াতে বোস্টনে নির্ধারিত দুটি ম্যাচ শুক্রবারই (২৫ সেপ্টেম্বর) আয়োজন করা হয়। রোববারের (২৭ সেপ্টেম্বর) ম্যাচটি পরে ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।


ম্যাসাচুসেটসের ফক্সবরোর একটি স্টেডিয়ামে নির্ধারিত সংগীতশিল্পী এড শিরানের দুটি কনসার্টও বাতিল করা হয়েছে।


এদিকে নর্থ ক্যারোলাইনার হ্যাটেরাস দ্বীপে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় একটি বিয়ের অনুষ্ঠানও বিপাকে পড়ে। বর-কনে দ্বীপে পৌঁছাতে পারলেও প্রায় ৪৫ জন অতিথি সড়ক বন্ধ থাকায় অন্য পাশে আটকা পড়েন। পরে স্থানীয় একটি শিবির তাদের জন্য নতুন অনুষ্ঠানস্থল, থাকার ব্যবস্থা ও সংগীতের আয়োজন করে।


সূত্র: দ্য এনবিসি নিউজ