গাজীপুরে গাড়িচাপায় মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুরে গাড়িচাপায় সাড়ে তিন বছরের মেয়েসহ মা নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রুজুকা বেগম। তিনি শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তার মেয়ের নাম ইয়ামনি। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল গভীর রাতের কোনো একসময় ঢাকা বাইপাস মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে আহত দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়। নিহত মা-মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অজ্ঞাত গাড়িচাপায় মা মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
