ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অংশ নিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) সভানেত্রীর সঙ্গে ছিলেন দলটির সংসদ সদস্য দোলা সেন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোটের একটি বৈঠক রয়েছে... আমরা তাতে অংশ নিতেই এসেছি। আমাদের আসল লক্ষ্য প্রধান নির্বাচন কমিশনার এবং তার পুরো সফটওয়্যার টিম, যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিশ্বাৃসঘাতকতা করেছেন।
তৃণমূল প্রধান আরও জানান যে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে সম্বোধন করছেন।
সম্প্রতি ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য গড়ে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম. এ. বেবি।
অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন মমতা। এক জনসভায় মমতা স্পষ্ট জানিয়ে দেন, প্রধান নির্বাচন কমিশনার সংক্রান্ত এই ইস্যুতে যে কোনও দলের সঙ্গে জোট বাঁধতে তিনি প্রস্তুত।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিমাগি নকশালদের নিয়ে বৈঠক করছেন।
কোলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ইন্ডিয়া জোটের অস্তিত্ব শেষ। উনি সেখানে গিয়ে দিমাগি নকশালদের সঙ্গে পরিকল্পনাসভা করছেন। আমি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আইবিকে নজর রাখতে বলব। যিনি আজাদির স্লোগান দেন, তিনি কী করতে পারেন তা সবার জানা। ভারতবিরোধী শক্তির সঙ্গে উনি বৈঠক করছেন কি না, সেদিকে নজর রাখা দরকার। উনি এখন দিমাগি নকশালদের উপদেষ্টা।
একই সঙ্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল সিপিআই(এম) ও তৃণমূলের কাছাকাছি আসা নিয়েও তীব্র সমালোচনা করেন জ্ঞানেশ কুমারের ভোটার কেলেঙ্কারির ফসল শুভেন্দু।
