স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিক্ষার্থী অসুস্থ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে শিক্ষকরা তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুরা এখন সম্পূর্ণ সুস্থ। তারা সবাই বাড়ি ফিরে গেছে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের মান যাচাই এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান পরীক্ষা, ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ণয় এবং গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
