টানা দ্বিতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের দাম প্রায় স্থির থাকলেও টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে মূল্যবান ধাতুটি। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার স্বর্ণের ওপর চাপ তৈরি করেছে। শুক্রবারের বাজারে বিনিয়োগকারীদের নজর ছিল যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বরের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে, যা ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ০৪১৯ জিএমটি পর্যন্ত স্পট স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১৮৪ দশমিক ৪৫ ডলার। চলতি সপ্তাহে এ পর্যন্ত ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২১৪ দশমিক ৭০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের ওপর সবচেয়ে বড় চাপ তৈরি করছে ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন বন্ডের উচ্চ সুদহার। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনার ব্যয় বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির চাহিদায় চাপ পড়ে। শুক্রবার ডলার কিছুটা কমলেও আগের দিনের ১৭ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি ছিল এবং চলতি সপ্তাহে প্রায় ১ শতাংশ বাড়ার পথে রয়েছে।
অন্যদিকে মার্কিন ট্রেজারি বাজারেও সাম্প্রতিক সময়ে সুদহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫ দশমিক ৩৪৪ শতাংশে উঠে ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহারও বহু বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। উচ্চ সুদহারে সুদবিহীন সম্পদ স্বর্ণের তুলনামূলক আকর্ষণ কমে যায়।
তবে স্বর্ণের দরপতনের গতি কিছুটা সীমিত করেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তুলনামূলক নরম তথ্য। আগস্টের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম থাকায় অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবারের বাজারে অক্টোবরে সুদহার বাড়ানোর সম্ভাবনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যায়।
