ঢাকা, বৃহস্পতিবার ০৮, অক্টোবর ২০২৬ ১৬:০৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিল্লিতে বহুতলা ভবন ধস, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলের সীমাপুরি এলাকায় একটি বহুতলা ভবন ধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছে দিল্লি ফায়ার সার্ভিস। তাদের তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) ভবন ধসের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়।


মৃতদের মধ্যে গোলাফসা নামে ২১ বছর বয়সি এক নারী রয়েছেন। তিনি প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও ১২ বছর বয়সি এক কিশোরী এবং এক শিশু রয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।


ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, শিশুদের মধ্যে একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

একজন কর্মকর্তা জানান, উদ্ধারকাজ এখনো চলছে।


কর্তৃপক্ষের ধারণা, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডে হওয়া ভূমিকম্পের কম্পনের ফলে ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল এবং সম্ভবত সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। ভবনটি ধসে পড়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


দিল্লি মিউনিসিপ্যাল ​​করপোরেশনের (এমসিডি) তথ্যানুযায়ী, ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল এবং বাড়ির মালিক সেটি খালি করার প্রক্রিয়া শুরু করেছিলেন।


পুলিশের তথ্যমতে, ভবনটি প্রায় ২২৫ বর্গফুটের একটি জমির ওপর নির্মিত হয়েছিল।


উল্লেখ্য, দিল্লির সত্য নিকেতনে ভবন ধসের ঘটনার এক মাস পরেই এই নতুন ঘটনাটি ঘটল। গত ৬ সেপ্টেম্বর সেখানে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছিল, এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।


সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া