অ্যান কার্সনের হাতে ২০২৬ সালের সাহিত্যে নোবেল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১১ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি এ বছরের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
সুইডিশ একাডেমি জানিয়েছে, ‘ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা তার সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্মের জন্য’ কার্সনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম অ্যান কার্সনের। প্রাচীন গ্রিক ভাষা ও সাহিত্যের ওপর তার গভীর দখল রয়েছে। তার লেখায় কবিতা, গদ্য, অনুবাদ, প্রবন্ধ ও নাট্যধর্মী উপাদান একসঙ্গে মিশে একটি স্বতন্ত্র সাহিত্যরীতি তৈরি করেছে। প্রাচীন গ্রিক পুরাণ ও সাহিত্যের নানা চরিত্র ও আখ্যানকে তিনি আধুনিক জীবন, প্রেম, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা ও একাকিত্বের সঙ্গে যুক্ত করেছেন।
কার্সনের বহুল আলোচিত বইয়ের মধ্যে রয়েছে Eros the Bittersweet, Autobiography of Red, The Beauty of the Husband, Men in the Off Hours, Decreation, Nox, Red Doc এবং Float। বিশেষ করে ১৯৯৮ সালে প্রকাশিত Autobiography of Red তাকে আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গ্রিক পুরাণের গেরিয়ন চরিত্রকে কেন্দ্র করে লেখা এই বইটি একই সঙ্গে কবিতা, উপন্যাস ও পুরাণের পুনর্নির্মাণের এক অভিনব প্রয়াস।
প্রাচীন গ্রিক সাহিত্যের অনুবাদক হিসেবেও কার্সনের বিশেষ খ্যাতি রয়েছে। স্যাফোর কবিতা এবং সফোক্লিস ও ইউরিপিদিসের মতো গ্রিক নাট্যকারদের রচনা অনুবাদ করেছেন তিনি। তবে তার অনুবাদ নিছক ভাষান্তর নয়; প্রাচীন রচনাকে আধুনিক পাঠকের কাছে নতুনভাবে উপস্থাপনের জন্য তিনি নিজস্ব সাহিত্যিক কৌশল প্রয়োগ করেছেন।
সাহিত্যের প্রচলিত ঘরানা ও কাঠামোর সীমা ভেঙে লেখার জন্য দীর্ঘদিন ধরেই আলোচিত অ্যান কার্সন। তার রচনায় কখনো কবিতা ও গদ্য পাশাপাশি এসেছে, কখনো ইতিহাস, পুরাণ, দর্শন ও ব্যক্তিগত স্মৃতি একাকার হয়েছে। এই স্বতন্ত্র ও পরীক্ষামূলক সাহিত্যভাষাই তাকে সমকালীন ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ লেখকে পরিণত করেছে।
২০২৬ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। এ পুরস্কারের মাধ্যমে কার্সন বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
