ঢাকা, মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ ৫:১৫:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীচাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের অফ-ডে (সাপ্তাহিক বিরতি) প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করবে। ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর মোট তিন দিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করবে। এছাড়া চট্টগ্রাম স্পেশাল-৪ আগামী ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে।

যাত্রীচাপ সামাল দিতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে।

পূজা উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে।

ট্রেনের শিডিউল বিপর্যয় দূর করা ও সময়ানুবর্তিতা রক্ষায় গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালনা করা হবে।

ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরিচর্যা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্ঘটনাস্থলে দ্রুত পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ সব প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবির সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে আগামী ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।

চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের নজরদারি ও কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানগণ, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।