সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
একযোগে তিন সচিবের পদ অলঙ্কৃত করলেন বিদেশে বাংলাদেশ মিশনে অতীতে নেতৃত্বদানকারী অভিজ্ঞ তিন নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত।
সোমবার (১২ অক্টোবর) তাদের সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন— ব্রুনাই দারুস সালামে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।
সামিনা নাজ একজন বাংলাদেশী কূটনীতিক এবং মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি ভিয়েতনাম এবং লাওসে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত।ভারতের মুম্বাইতে ২০১৩ সালে প্রথম ডেপুটি হাইকমিশনার হওয়ার সময় কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে প্রথমবারের মতো একটি বাংলাদেশ মিশনের যাত্রা শুরু হয়েছিল। হেগ, দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনের বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা।
অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব সামলেছেন সুমনা। কূটনৈতিক ক্যারিয়ারে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।
১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন কূটনৈতিক ক্যারিয়ারে প্রিটোরিয়া, হেগ ও অটোয়া মিশনে বিভিন্ন দায়িত্ব সামলেছেন।
