ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে বিহারের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে গঙ্গা নদীর মাঝখানে নৌকাটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা পাশের গ্রামের একটি বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। রামপুর শ্যামচক গ্রামের কাছে নৌকাটি উল্টে গেলে স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। পরে গঙ্গা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করা হয়। উদ্ধার অভিযানের একপর্যায়ে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়।
বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, নৌকাডুবিতে এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তাদের মধ্যে কতজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
