সিডনিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ফারিহার মুকুট জয়
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘অপেরা মিস/মিসেস ডিভা ২০২৬’। এতে ‘মিসেস ডিভা ইন্টারন্যাশনাল’ ক্যাটাগরিতে বিজয়ী হয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জনের ঐতিহাসিক গৌরব অর্জন করেছেন বাংলাদেশী কন্যা ফারিহা আনজুম । এই অনন্য অর্জনের মাধ্যমে তিনি বিজয়ীর ঐতিহ্যবাহী মুকুট, সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং স্যাশে অর্জন করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সিডনির অবার্নে অবস্থিত বিখ্যাত ভেন্যু ‘দ্য রিজেন্সি’তে আসরটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সৌন্দর্য, আত্মবিশ্বাস, ফ্যাশন এবং মেধার এই জমকালো প্রদর্শনীতে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলোর মধ্যে ছিল- আকর্ষণীয় ভারতীয় ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় ফ্যাশন প্রদর্শনী।
মুকুট বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিশ্বমঞ্চ বিজয়ী বাংলাদেশি ডিভা বলেন, “এই অর্জন আমার জীবনের একটি বিশেষ মাইলফলক। প্রথম বাংলাদেশী নারী হিসেবে এই মুকুট জয় করা কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতীক। আমার মূল লক্ষ্য নারীদের আত্মবিশ্বাস ও সাহস জাগিয়ে তোলা। আমি বিশ্বাস করি, মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে যেকোনো নারী তার স্বপ্নের শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারে। এই সাফল্য ভবিষ্যতে নারী উন্নয়নে কাজ করার ক্ষেত্রে আমাকে আরও অনুপ্রাণিত করবে।”
আত্মবিশ্বাস, রূপ ও গ্ল্যামারের নিখুঁত সমন্বয়ে গঠিত ‘অপেরা মিস/মিসেস ডিভা ২০২৬’-এর এই আসর বিশ্বমঞ্চে বাংলাদেশী নারীদের নতুন এক উচ্চতায় পৌঁছে দিল।
