আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
অনু সরকার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার
আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এ বছর দেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলেও মহাষষ্ঠী থেকেই দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। ভক্তরা দেবী দুর্গার কাছে শান্তি, সমৃদ্ধি, মঙ্গল ও সবার কল্যাণ কামনা করবেন।
বাংলা পঞ্জিকা অনুযায়ী, এবার মহাসপ্তমী তিথি পড়েছে শনিবার ও রোববার—দুই দিন। শনিবার সপ্তমীর পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা। এদিন নবপত্রিকা স্নান ও পূজার আয়োজন থাকবে। সোমবার, ১৯ অক্টোবর মহাষ্টমী এবং মঙ্গলবার, ২০ অক্টোবর মহানবমী পালিত হবে। বুধবার, ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। এদিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা।
দুর্গাপূজা উপলক্ষে এ বছর সরকারি ছুটিও বাড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ উৎসবের দিনগুলোতে দীর্ঘ অবকাশ পাওয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।
দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। পূজাকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের মিলন, শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের অংশগ্রহণে শারদীয় উৎসব হয়ে ওঠে আনন্দ ও মিলনের উপলক্ষ।
উৎসবকে ঘিরে সবার প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।
