ঢাকা, শনিবার ১৭, অক্টোবর ২০২৬ ৫:১০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু ও এক শিক্ষক। হামলার সন্দেহভাজন ১৬ বছর বয়সী কিশোরও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্কুলটি অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন কিশোরটি বেন্ড শহরের বাসিন্দা। তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্কুলের বন্ধ দরজায় গুলি চালিয়ে সে ভেতরে প্রবেশ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুপুর ১২টা ৫৯ মিনিটে স্কুলের বাইরে একটি গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে জরুরি সেবায় প্রথম ফোন করা হয়। পরে স্কুলের ভেতরে বন্দুকধারী থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় এক ব্যক্তি সন্দেহভাজনকে ধাওয়া করে গুলি চালান। পরে পুলিশ স্কুলের ভেতর থেকে কিশোরটির মৃতদেহ উদ্ধার করে।

হামলার পর শিক্ষার্থীদের বাসে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যাতে অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে যেতে পারেন। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বহু অভিভাবক সেখানে অপেক্ষা করেন।

স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ঘটনার পরদিন শুক্রবার জেলার সব স্কুলের ক্লাস, খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৩৬৯টি গণগুলির ঘটনা নথিভুক্ত হয়েছে। সংস্থাটির হিসাবে, কোনো ঘটনায় সন্দেহভাজনকে বাদ দিয়ে অন্তত চারজন গুলিবিদ্ধ বা নিহত হলে সেটিকে গণগুলির ঘটনা হিসেবে গণ্য করা হয়। 

তথ্যসূত্র: আল-জাজিরা