ঢাকা, শনিবার ১৭, অক্টোবর ২০২৬ ৫:০৭:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার

জাহানারা আলম

জাহানারা আলম

অবসর নেওয়ার আগে আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম। দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন জাহানারা। এরপর মানসিক ক্লান্তির কথা জানিয়ে ক্রিকেট থেকে বিরতি নেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। সেই সময় থেকে বাংলাদেশের নারী ক্রিকেটের কোনো পর্যায়েই তাকে দেখা যায়নি। জাতীয় দলের কার্যক্রমের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অংশ নেননি তিনি।

অস্ট্রেলিয়ায় থাকাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা। একই সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা তার সঙ্গে শারীরিকভাবে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। এসব অভিযোগ ঘিরে বাংলাদেশ নারী দলের সাজঘরের পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে নিজের নেতৃত্ব ও ওই অভিযোগ নিয়ে কথা বলেছিলেন নিগারও।

তবে এবার সবকিছু পেছনে ফেলে আবার ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন জাহানারা। জাতীয় দল ও ঘরোয়া—দুই পর্যায়েই খেলতে চান তিনি। তার মূল লক্ষ্য, মাঠে থেকেই ক্রিকেটজীবনের ইতি টানা।


রফিকুল ইসলাম বাবু বলেন, জাহানারা তাদের সঙ্গে যোগাযোগ করে আবার খেলতে চাওয়ার কথা জানিয়েছেন। জাতীয় দলে ফিরে খেলতে খেলতেই অবসর নিতে চান তিনি। এ কারণেই এতদিন নিজেকে ফিট রেখেছেন বলেও জাহানারা জানিয়েছেন।

এদিকে নারী ক্রিকেটে কোনো ধরনের দলাদলি বা ব্যক্তিগত বিরোধকে প্রশ্রয় না দেওয়ার কথা জানিয়েছেন রফিকুল। তার মতে, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কারও বিরোধ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এখন জাহানারার আবেদন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়। সিদ্ধান্ত ইতিবাচক হলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে অভিজ্ঞ এই পেসারকে।