দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ এএম, ১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ছুটির আমেজ শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত অবকাশ মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটির মেয়াদ তুলনামূলক কম।
২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি থাকছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের অবকাশ পাবেন।
কলেজের ছুটির তালিকায় অবকাশ আরও দীর্ঘ। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের টানা ১৬ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি থাকবে।
দীর্ঘ ছুটি ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে অবকাশের পরিকল্পনা। অনেকে পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া কিংবা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। তবে ছুটির মেয়াদ শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও নিজস্ব ছুটির তালিকা অনুযায়ী ভিন্ন হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
