তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
তৃণমূল পর্যায়ে ব্রেস্ট বা স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলেও বর্তমানে স্তন ক্যানসারের প্রকোপ বাড়ছে। সচেতনতা ও সময়মতো স্ক্রিনিংয়ের অভাবে অনেক নারী সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। শুধু সভা-সেমিনার বা টেলিভিশন প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রকৃত সচেতনতা তৈরিতে চিকিৎসকদের বছরে অন্তত দুই-তিন দিন নিজ গ্রামে গিয়ে স্থানীয় নারীদের সচেতন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার জানান, দেশে বর্তমানে মোট মৃত্যুর ৭১ থেকে ৭৩ শতাংশের জন্যই ক্যানসার, হৃদরোগ বা ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ দায়ী। দেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জনের স্তন ক্যানসার শনাক্ত হয়, কিন্তু প্রায় ৬৩ শতাংশ নারীই কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না। রোগটি দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসাও জটিল হয়ে পড়ে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
