ভিকারুননিসার অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৯ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন অরিত্রি অধিকারীর বাবা দিলীপ অধিকারী।
তিনি মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন বলে থানা সূত্রে জানা গেছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে অরিত্রীর পিসতুতো ভাই ব্যারিস্টার সৌমিত্র সরদার জানিয়েছেন, মামলায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরা এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়েছে।
গত সোমবার শান্তিনগরে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি। তার আগের দিন পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে পরীক্ষা হল থেকে বের করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রি পরীক্ষায় মোবাইল ফোনে নকল নিয়ে টেবিলে রেখে লিখছিলেন। অন্যদিকে স্বজনদের দাবি, নকল করেননি অরিত্রী।
এরপর সোমবার অরিত্রির বাবা-মাকে ডেকে নেওয়া হয় স্কুলে। তখন অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
অরিত্রীর স্বজনরা বলছেন, বাবা-মার ‘অপমান সইতে না পেরে’ ঘরে ফিরে আত্মহত্যা করেন এই কিশোরী।
