ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:২৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নয়ের দশকে প্রথম উপসাগরীয় যুদ্ধ, বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা গণহত্যা, আফগানিস্তান, ইউক্রেন এবং ইরানের মতো যুদ্ধবিধ্বস্ত ও বিপজ্জনক অঞ্চল থেকে গ্রাউন্ড রিপোর্টিং। সিভি-তে একটার পর একটা পাতা জুড়তে হবে তাঁর অভিজ্ঞতার তালিকা করতে গেলে। ১৯৮৩ সাল থেকে ২০২৬। দীর্ঘ প্রায় ৪৩ বছর কর্মজীবনের পরে বিশ্বখ্যাত সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপোর CNN (Cable News Network) ছাড়তে চলেছেন। ২০২৭ সালের জুনে CNN ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১৯ অক্টোবর, সোমবার তাঁর এই ঘোষণার পরে আন্তর্জাতিক সংবাদ জগতে শুরু জোর আলোচনা।

ক্রিশ্চিয়ানের পদত্যাগের নেপথ্যে কি CNN-এর মালিকানা পরিবর্তন? প্রশ্ন উঠেছে। চলতি মাসের ৬ অক্টোবর CNN-এর মূল সংস্থা Warner Bros. Discovery-র অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে Paramount Skydance। এর ফলে CNN ও CBS News একই কর্পোরেট মালিকানার অধীনে চলে যায়। নতুন মালিকানায় CNN-এর সম্পাদকীয় স্বাধীনতা এবং ভবিষ্যৎ সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সাংবাদিক মহলের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মাঝেই ক্রিশ্চিয়ানের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও সংস্থার মালিকানা বদলই তাঁর সরে যাওয়ার কারণ, এমনটা নিশ্চিত করে জানাননি তিনি।

তবে ২০২৬ সালের মে মাসে CNN-এর মালিকানা বদল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ান। বিশেষত, CBS News-এ নতুন পরিচালন ব্যবস্থার অধীনে যে পরিবর্তনগুলি ঘটেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর আশঙ্কা ছিল, সংবাদমাধ্যমের আদর্শগত অবস্থান ও সম্পাদকীয় সিদ্ধান্তে কর্পোরেট প্রভাব পড়তে পারে।

গোটা বিশ্বজুড়ে যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা, কর্পোরেট মালিকানার প্রভাব এবং সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনই CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ক্রিশ্চিয়ানের সফর শেষ হওয়ার ঘোষণা। তাঁর ৪৩ বছরের অধ্যায়ের সমাপ্তি তাই নিছক একজন সাংবাদিকের বিদায় নয়— সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনার সূত্রপাত করছে।

১৯৫৮ সালে লন্ডনে জন্ম ক্রিশ্চিয়ানের। তাঁর বাবা ছিলেন ইরানি, মা ব্রিটিশ। ১৯৮৩ সালে একজন সাধারণ সহকারী হিসেবে CNN-এ চাকরি শুরু করেন তিনি। এর পরে আর ফিরে তাকাননি। বিশ্বায়ন থেকে কোভিড, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে উপসাগরীয় যুদ্ধ– বহু ঘটনার সংবাদ পরিবেশনে বলিষ্ঠতার ছাপ রেখেছেন বরাবর। একাধিক যুদ্ধ-সংঘাতের সময়ে তাঁর গ্রাউন্ড জিরো রিপোর্টিং দেখেছে সারা বিশ্ব। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে অবসর ঘোষণা করলেও প্রাক্তন স্বামী ও আমেরিকান কূটনীতিক জেমি রুবিনের সঙ্গে তাঁর পডকাস্ট ‘The Ex Files’ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কর্মজীবনের বিদায় বার্তায় সহকর্মীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং সত্য অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরেছেন ক্রিশ্চিয়ান আমানপোর। তাঁর বার্তা, সাংবাদিকতার লক্ষ্য হওয়া উচিত সত্য তুলে ধরা— নিরপেক্ষতার নামে সত্যকে আড়াল করা নয়।