সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাঙামাটির সাজেকে আধিপত্যের দ্বন্দ্বে সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে স্থানীয় দুটি সংগঠন গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন। এতে উজোবাজার এলাকায় সাজেক ছেড়ে আসা তিন হাজার পর্যটক আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের মাছালং ও উজোবাজরসহ বেশ কিছু এলাকায় অবরোধের সমর্থনে টায়ারে আগুন জ্বালায় সমর্থনকারীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পর্যটকদের নিজ নিজ গন্তব্যে পাঠাতে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করছে।
৩ দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশনের নামে স্থানীয় দুটি সংগঠন এই অবরোধের ডাক দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধকারীরা উজোবাজারে অবস্থান করছেন। সেখানে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
অবরোধকারীদের অভিযোগ, সাজেকের মাছালং এলাকার বিভিন্ন স্থানে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা অবস্থান করে সাধারণ মানুষকে হুমকি, হত্যাসহ নানা অপকর্ম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ চলবে।
তবে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এসব হচ্ছে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার।
দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফের সদস্যরা সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ কার্যক্রম চালাচ্ছে। জনসংহতি সমিতি পার্বত্য সমস্যার সমাধান ও শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের অধিকারের জন্যই কাজ করছে। কাজেই সাজেকসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামেই তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর অধিকার রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে পৌঁছে দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।
