ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:২৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, মার্কেট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। তবে ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে একাধিকবার দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।


কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নিয়ম চালু ছিল। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক সময় বাড়ানোর সুযোগ শেষ হওয়ায় আজ থেকে আবারও সেই নিয়ম কার্যকর হলো।