ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৪:২০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা

পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে মৃত্যুবরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে চেসি ত্রিপুরার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা রাত ১১টা ৭ মিনিটের সময় আমাদের ছেড়ে চলে গেছেন।

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়।

এর আগে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এদিকে চেসি ত্রিপুরার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। রবিউল আলম নামে তাঁর এক সহপাঠী লিখেছেন, বোন আমার আর কোনো দিন দেখা হবে না। এক করিডোরে হাঁটা হবে না। ল্যাবে কাজ করা হবে না। পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে বোন আমার।

আরেকজন লিখেছেন, চেসিকে বাঁচানোর সব আশা নিয়ে যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চেসির আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিদায়, চেসি। তোমাকে আমরা মনে রাখব।

এদিকে চেসি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, চেসিকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। এর বাইরেও কিছু করার সুযোগ থাকলে আমরা অবশ্যই করতাম।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। নিজেদের খেয়াল রাখবেন, নিরাপদে থাকবেন। দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে প্রস্তুত।