আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১১ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আজ (২৫ অক্টোবর)। শারদীয় দুর্গাপূজার পর প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা উদযাপন করা হয়। পূর্ণিমার এ তিথি কোজাগরী নামে পরিচিত। তাই পূজাটি কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সহকারী সেবায়েত রুবেল চক্রবর্তী গণমাধ্যমকে জানান, নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী, আজ (২৫ অক্টোবর) সকাল ১১টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ১৮ মিনিট ৪৮ সেকেন্ডে তিথি শেষ হবে। এই সময়ের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মানুষ লক্ষ্মীপূজা উদযাপন করবেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তিনি উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবেও পরিচিত। পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের ঘরে ধনধান্য ও সমৃদ্ধি দিতে আসেন বলে বিশ্বাস করা হয়।
লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন করা হবে। এ উপলক্ষে অনেকে উপবাসব্রত পালন করবেন। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ি ও আঙিনায় দেবী লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হবে। সন্ধ্যায় জ্বালানো হবে প্রদীপ।
সাধারণত ঘরোয়া পরিবেশেই লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
