ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২৩:৩৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন শিক্ষকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে র‍্যাব-পুলিশকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে র‍্যাব-পুলিশকে চিঠি
দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এই স্কুলের প্রধান শাখার নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ  চিঠি দেওয়া হয়েছে।


বুধবার বিকেলে র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে এই অনুরোধ জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, অরিত্রি অধিকারীর আত্মহত্যার বিষয়ে তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, বেইলি রোড শাখার সহকারী প্রধান শিক্ষক জিনাত আরা এবং ক্লাস টিচার হাসনা হেনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ কর হলো।

 

এর আগে ওই শিক্ষকদের ভিকারুননিসা থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেওয়া হয়।

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।