ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৪:০৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শামীমা সুলতানা। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে ড. শামীমা সুলতানা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে, সে পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন। ওই সময় শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় বিবেকতাড়িত হয়ে নিজ কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি অপসারণ করেন বলে জানিয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা।