ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে পার্কিংয়ের জায়গা বরাদ্দের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকেই ভ্যান ও ট্রলিতে রোগী এবং মরদেহ পরিবহন করতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। অ্যাম্বুলেন্স মালিকদের দাবি, আগে হাসপাতালের ভেতরে তাদের গাড়ি রাখার জায়গা বরাদ্দ থাকলেও নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল থেকে তাদের সব অ্যাম্বুলেন্স বের করে দেওয়া হয়। পরে নতুন ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করতে তাদের দিয়ে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়। সেখানে সিসি ক্যামেরা, লাইট ও গেটও স্থাপন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকেও তাদের গাড়ি সরিয়ে দেওয়া হয়।
ঢামেক হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সদস্য শাহাদাত হোসেন সাচ্চু গণমাধ্যমকে বলেন, আগেও আমরা পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কিন্তু আমাদের পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি। আমরা আশা করছি, পরিচালক আমাদের জন্য একটি ব্যবস্থা করে দেবেন।
