নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার। এ লক্ষ্যে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে যেসব অঙ্গীকার করেছিল, সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে।
বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া নারী অধিকার রক্ষা, মিড-ডে মিল, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশু-সংক্রান্ত বিভিন্ন আইন নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে। একই সঙ্গে সব শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
প্রসঙ্গত, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে জিলিয়ান মেলসপ বাংলাদেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছেন। তার দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়ে অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।
