ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ০:৪৭:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, নাচ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার চর্চাও জরুরি। আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্য থেকেই তৈরি হবে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসক ও যোগ্য সাংবাদিক। তাই শৈশব থেকেই তাদের মধ্যে শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের ভিত্তি গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকার ভবিষ্যৎ এখন নতুন প্রজন্মের হাতে। আগামী দিনে তারাই দেশের নেতৃত্ব দেবে। এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, নাচসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের যুক্ত থাকতে হবে। নৈতিক শিক্ষা গ্রহণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং মিথ্যা বলা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

শিশুদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাত ও নখ পরিষ্কার রাখা, ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা এবং শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, ফুলের টব কিংবা আশপাশের কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং দুধ, ডিম ও শাকসবজির মতো পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

সাংবাদিক পরিবারের সন্তানদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, তাঁদের বাবা-মায়েরা সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাই বাবা-মায়ের পেশাকে সম্মান জানাতে হবে এবং তাঁদের নিয়ে গর্ববোধ করতে হবে।

ডিআরইউর অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে বর্তমান জায়গাটি দেওয়া হয়েছিল। ভবন নির্মাণে কোনো আইনি বাধা থাকলে তা দূর করতে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সংগঠনের সদস্যদের সন্তানদের মানসিক বিকাশ ও সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই প্রতিবছর এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। আগামীতে শিশু-কিশোরদের এ আয়োজন তিন দিনব্যাপী করার প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে ডিআরইউর অবকাঠামোগত উন্নয়ন ও জমিসংক্রান্ত সমস্যা সমাধানে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী এ উৎসবে ডিআরইউ সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. আব্দুস সালাম।

সাংস্কৃতিক উৎসবের সংগীত বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন ইয়াসমিন মুশতারী, খায়রুল ওয়াসি ও দেবলীনা সুর। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন মলয় বালা, অমিত নন্দী ও ঝোটন চন্দ্র রায়। আবৃত্তি বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন শিমুল মুস্তাফা, নায়লা তারাননুম চৌধুরী ও মুনা চৌধুরী।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল-আমিন আজাদ ও মোহাম্মদ নঈমুদ্দীন।

প্রতিযোগিতায় বিজয়ীরা

চিত্রাঙ্কন

ক বিভাগ: প্রথম কাজী আনালিয়া মুস্তাফিজ, দ্বিতীয় মিকদাদ বিন সাইফ ও তৃতীয় আরীন আমিরা।

খ বিভাগ: প্রথম আনিকা আনজুম, দ্বিতীয় হোসেন রাজভীন রাউনাফ ও তৃতীয় আরিয়ান রহমান।

গ বিভাগ: প্রথম রাদিতা জাহান নুভা, দ্বিতীয় অদ্বিতীয়া পুন্যি ও তৃতীয় আয়নুন নাহার আকসা।

আবৃত্তি

ক বিভাগ: প্রথম আমিরা জাহান অর্থি, দ্বিতীয় ফারিন তারান্নুম ও তৃতীয় সেহরিশ জামান।

খ বিভাগ: প্রথম তাহসিন হক আনিকা, দ্বিতীয় সানদিহা জাহান দিবা ও তৃতীয় আম্মার সামি।

গ বিভাগ: প্রথম রাদিতা জাহান নুভা, দ্বিতীয় জেরিন ফেরদৌস পঙক্তি ও তৃতীয় মারজুকাহ জয়নব।

সংগীত

ক বিভাগ: প্রথম মুয়ান্তিরা রহমান সানাইয়া, দ্বিতীয় শুদ্ধতা আজম ভোর ও তৃতীয় আমিরা জাহান অর্থী।

খ বিভাগ: প্রথম সানদিহা জাহান দিবা, দ্বিতীয় অরুন্ধতী কর গল্প ও তৃতীয় হোসেন রাজভীন রাউনাফ।

গ বিভাগ: প্রথম তাহসিনা কবির এলিশা, দ্বিতীয় রাদিতা জাহান নুভা ও তৃতীয় শেখ তাজকিয়া হিমাদ্রী।