জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ এএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হিসেবে একজন নারীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
জার্মানির ৭৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী এই পদে আসীন হননি।
মাগেন্টাটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্কেল বলেন, সবারই এখন প্রশ্ন করা উচিত—"এটাই কি সেই উপযুক্ত সময় নয়?"
ম্যার্কেল বলেন, তার জানা মতে এমন অনেক নারী আছেন যারা এই দায়িত্ব পালনে সক্ষম৷ তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।
৩০ জানুয়ারি ফেডারেল কনভেনশন জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে। স্টাইনমায়ার টানা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, ফলে তৃতীয় মেয়াদে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
জার্মানির প্রেসিডেন্ট পদটি মূলত একটি আনুষ্ঠানিক বা আলঙ্কারিক পদ।
এরই মধ্যে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছেন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন- সিএসইউ এর নেতা মার্কুস সোডার।
এছাড়া আলোচনায় রয়েছেন বুন্ডেসটাগের প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার, শিক্ষামন্ত্রী কারিন প্রিয়েন এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার। এদের সকলেই ম্যার্কেলের দল মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন- সিডিইউ এর সদস্য।
ম্যার্কেল নারী প্রেসিডেন্ট বিষয়ক বিতর্কটিকে "অদ্ভুত" বলে আখ্যা দিয়ে এর পেছনে থাকা "অপ্রীতিকর সুর"-এর সমালোচনা করেছেন।
নিজের দলের বর্তমান গতিপথ নিয়েও প্রশ্ন তুলেছেন। ম্যার্কেলের মতে, সিডিইউ- এর পরিচিতি কেবল অর্থনৈতিক নীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, "সিডিইউ-এর মূল কাজ ছিল সমাজের সব অংশের মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি করা, এখন সেই বিষয়টিকে আবারও সামনে নিয়ে আসতে হবে।"
সূত্র: ডয়েচে ভেলে
