ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৪:৩৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ২ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।


ছুটির সূচি অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।


২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজে শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। বন্ধ থাকবে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।


তবে এ ছুটির আওতায় থাকছে না সব শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।


এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছে না।


উল্লেখ্য, কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্‌যাপন করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ওড়িশা, বিহারসহ বিভিন্ন অঞ্চলে উৎসবটি ব্যাপকভাবে পালিত হয়। একই দিনে দীপাবলি উৎসবও উদ্‌যাপন করা হয়।