এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন এ দামেই বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দামের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়িয়েছে কমিশন।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
উল্লেখ্য, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার দেশের বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।
