রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩১ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন। তার আরেকটি পরিচয় তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।
কমিটির উল্লেখযোগ্য দিক হলো, এতে বিসিবিসংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের ভেতরের কারও প্রভাব বা স্বার্থের সংঘাতের আশঙ্কা এড়ানোর সুযোগ থাকবে।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুযায়ী অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল বোর্ড।
সে সময় বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। স্বাধীনভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে। তবে এবার নতুন পাঁচ সদস্যের কমিটি গঠনের লক্ষ্য, নারী ক্রিকেটাররা যেন কোনো ধরনের দ্বিধা বা ভীতি ছাড়াই তাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন। এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম।
