নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪২ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
নড়াইলের কাজলা নদীতে ১৬টি নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার বিকেলে এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। নারীদের ছন্দময় বৈঠা চালানো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়াউদ্দিন হায়দার।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা শিবির-২০২৬’ আয়োজনের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) লিংকন বিশ্বাস, সংস্থাটির পরিচালক মো. গনী উল আজম, সিভিল সার্জন ডা. আবদুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী।
আয়োজকরা জানান, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ ঐতিহ্য সংরক্ষণ, নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে একই এলাকার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম দিন বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
আয়োজক ও স্থানীয় অংশীজনদের আশা, এ উদ্যোগের মাধ্যমে নড়াইলের পর্যটন সম্ভাবনা বিকশিত হওয়ার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে।
