ঢাকা, বুধবার ১১, নভেম্বর ২০২৬ ৪:০১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।


কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা সড়কে অবস্থান নেন।


উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।